করোনায় আক্রান্ত রাবির এক শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার তাঁর করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে। ওই শিক্ষার্থীর বাবাও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।
আক্রান্ত শিক্ষার্থীর বরাত দিয়ে তাঁর সহপাঠীরা জানান, তাঁর বাবা সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় গত শনিবার করোনায় আক্রান্ত হন। পরে গতকাল রোববার পরিবারের আরো তিন সদস্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে করোনা পরীক্ষা করান। এতে ওই শিক্ষার্থীর নমুনা পজিটিভ এলেও তার মা ও বড় ভাইয়ের করোনা নেগেটিভ এসেছে।
আক্রান্ত শিক্ষার্থী বলেন, ‘বাবার করোনা পজিটিভ হওয়ার পরই আমরা নিজ উদ্যোগে টেস্ট করাই। আজ সকালে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছি। বর্তমানে আমি এবং আমার বাবা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠব।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। ওই শিক্ষার্থীর পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছি।’

রাবি সংবাদদাতা