যবিপ্রবিতে করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জীবনরহস্য উন্মোচন
তিনটি করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জীবনরহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গবেষকরা। জিনোম সিকোয়েন্সগুলো এরই মধ্যে বিশ্বখ্যাত জিনোম ডাটাবেস সার্ভার জিআইএসএআইডিতে জমা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে যবিপ্রবি ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যবিপ্রবি উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে যবিপ্রবি উপাচার্য বলেন, 'পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবিই প্রথম করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জীবনরহস্য উন্মোচন করতে সক্ষম হলো। অপেক্ষাকৃত নবীন এ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নমুনা প্রসেসিং, ভাইরাস শনাক্ত, নিউক্লিক অ্যাসিড পৃথকীকরণ থেকে শুরু করে জিনোম সিকোয়েন্স পর্যন্ত সবটাই নিজেরাই করেছেন। ঢাকার বাইরে এই প্রথম কোনো ল্যাবে করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স করা হলো। নড়াইল, ঝিনাইদহ ও বাগেরহাটে সংক্রমণ সৃষ্টিকারী তিনটি ভাইরাস থেকে এই জিনোম সিকোয়েন্স করা হয়েছে। যার মাধ্যমে এ অঞ্চলে সংক্রমিত ভাইরাসের গতিপ্রকৃতি এবং তা কোথা থেকে ছড়াল, ইত্যাদি বিষয়ে ধারণা পাওয়া যাবে।'

সাইফুল ইসলাম সজল, যশোর