হঠাৎ পদত্যাগ করলেন রাবি প্রক্টর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই পদত্যাগ করলেন আগের উপাচার্যের সময়ে নিয়োগ পাওয়া প্রক্টর অধ্যাপক ড. মজিবুল হক আজাদ।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য অধ্যাপক ড. আবদুস সোবহানের কাছে পদত্যাগপত্র দেন তিনি।
মেয়াদ শেষ হওয়ার দেড় বছর আগেই পদত্যাগ করলেন অধ্যাপক মজিবুল হক। এর আগে ২০১৬ সালে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিনের সময়ে প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।
পদত্যাগপত্রে অধ্যাপক ড. মজিবুল হক আজাদ খান উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিতে প্রক্টরিয়াল বডির ভূমিকা ব্যাপক। আর প্রক্টরিয়াল বডির প্রধান প্রক্টর। কিন্তু ব্যক্তিগত বিভিন্ন কারণে তিনি প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করছেন।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মজিবুল হক বলেন, ‘অন্য কোনো কারণ নেই, লিখিত পদত্যাগপত্রে যা উল্লেখ করেছি, ওটাই মূল কারণ। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করছি। এখানে অন্য কোনো বিষয় খোঁজার মানে নেই।’
প্রক্টরের পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে রাবি উপাচার্য অধ্যাপক ড. আবদুস সোবহান বলেন, ‘উনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে লিখিত দিয়েছেন। আমরা তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করেছি। দ্রুত শূন্য পদে দক্ষ ও যোগ্য শিক্ষককে দায়িত্ব দেওয়া হবে।’
২০১৬ সালের ২৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মজিবুল হক আজাদ খানকে তিন বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ দেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন। চলতি বছরের ১৯ মার্চ অধ্যাপক মিজানউদ্দিন প্রশাসনের মেয়াদ শেষ হয়। ৭ মে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. আবদুস সোবহান দায়িত্ব নেন।

রাবি সংবাদদাতা