জবিতে ছাত্রলীগের মারামারির ছবি তুলতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
মারামারির ঘটনার ছবি তুলতে গিয়ে ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক সাংবাদিক। ওই সময় তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাহাদুর শাহ পার্কে এ ঘটনা ঘটে।
ওই সংবাদকর্মীর নাম আশিকুর রহমান। তিনি এনটিভি অনলাইনের জবি সংবাদদাতা হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে বেশ কিছুদিন আগে সরকারি কবি নজরুল কলেজের কয়েকজন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী সানিমকে বাহাদুর শাহ পার্কের মধ্যে একা পেয়ে মারধর করেন। এ ঘটনার জেরে মঙ্গলবার কবি নজরুল কলেজের এক শিক্ষার্থীকে ওই পার্কের মধ্যে একা পেয়ে জবি ছাত্রলীগের কর্মী হাছানুজ্জামান, সামিন, নাহিদ, সিফাত, মুন, মাসুমসহ ১৫ থেকে ২০ জন মারধর করতে থাকেন। এ সময় সাংবাদিক আশিকুর রহমান সেই ঘটনার ছবি তুলতে যান। বিষয়টি টের পেয়ে ছাত্রলীগ কর্মীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগ কর্মীরা তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের অন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে আশিকুরকে উদ্ধার করে প্রক্টর দপ্তরে নিয়ে যান। পরে আশিকুর এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন।
মারধরকারী ছাত্রলীগ কর্মীরা জবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদের অনুসারী বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে জবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ বলেন, ‘এমন ঘটনার সঙ্গে জড়িত কারো আমার কর্মী হওয়ার দরকার নেই। ওদেরকে পুলিশে ধরিয়ে দিন।’
অনাকাঙ্ক্ষিতভাবে এ ঘটনা ঘটেছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, ঘটনাটি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামছুল কবিরকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

জবি সংবাদদাতা