বিশ্ব হিজাব দিবসে ছাত্রীদের হিজাব উপহার দিল রাকসু
‘হিজাব গর্বের সাথে পরিধান করুন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হিজাব দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাকসু ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
রাকসু’র এই ব্যতিক্রমী উদ্যোগ নারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া ফেলেছে। আয়োজকরা জানান, হিজাব কেবল একটি পোশাক নয়, বরং এটি অনেক শিক্ষার্থীর ধর্মীয় মূল্যবোধ ও ব্যক্তিগত পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই বোধের প্রতি সম্মান জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
হিজাব উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেঘনা রহমান। তিনি বলেন, এটি একদম ভিন্নধর্মী একটি আয়োজন। হিজাব যে আমাদের অধিকার, তা কিছুদিন আগেও বলতে ভয় পেতাম। এ ধরনের উদ্যোগ নারীদের উৎসাহিত করবে এবং যারা হিজাব পরতে দ্বিধাবোধ করেন, তাদের অনুপ্রাণিত করবে। হিজাব কোনো বাধা নয়, বরং এটি বুদ্ধিমত্তার সাথে আমাদের সামনে এগিয়ে যেতে সহযোগিতা করে।
একই ধরনের অনুভূতি প্রকাশ করে ইতিহাস বিভাগের শিক্ষার্থী লিমা ইয়াসমিন বলেন, হিজাব মুসলিম নারীদের গর্ব। বর্তমানে হিজাব নিয়ে কটূক্তি করাটা অত্যন্ত কষ্টকর। আমরা স্বপ্ন দেখি সেই দিনের, যেদিন প্রতিটি মুসলিম নারীর হিজাবকে সম্মান দেওয়া হবে।
রাকসু’র মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা এই আয়োজন সম্পর্কে বলেন, বিশ্ব হিজাব দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের উৎসাহিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আশা করি, এটি হিজাব পরিহিত শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ক্যাম্পাসে সাংস্কৃতিক বৈচিত্র্য ও পারস্পরিক সম্মানবোধ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিউইয়র্ক নিবাসী বাংলাদেশি বংশোদ্ভূত নাজমা খানের উদ্যোগে প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিশ্ব হিজাব দিবস’ পালনের ডাক দেওয়া হয়। সেই থেকে প্রতি বছর বিশ্বব্যাপী হিজাবের প্রতি শ্রদ্ধা ও সচেতনতা বৃদ্ধিতে দিবসটি পালিত হয়ে আসছে।

আবু ছালেহ শোয়েব, রাজশাহী বিশ্ববিদ্যালয়