হলদে পাখির জাতীয় পর্যায়ে সেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থী
‘হলদে পাখি’ শাখায় প্রথম স্থান অর্জন করেছে খুলনা অঞ্চল। এ কৃতিত্ব অর্জন করেছে যশোর কালেক্টরেট স্কুলের তিন শিক্ষার্থী- মিনহা রহমান সুপ্ত, জুনাইনা আক্তার ও অঙ্কনা পাল।
বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীতে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয় অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। হলদে পাখিতে দ্বিতীয় হয়েছে রাজশাহী অঞ্চল এবং তৃতীয় হয়েছে ময়মনসিংহ অঞ্চল।
এ ছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ গাইড ও রেঞ্জার সম্মাননা, অ্যাক্টিভিটি প্যাক বিজয়ীদের সম্মাননা, কিক বক্সিং বিজয়ীদের সম্মাননা এবং সাধারণ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডসের জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার কাজী জেবুন্নেছা বেগম। ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি জাতীয় কমিশনার সাবিনা ফেরদৌস।
বিশ্ব স্কাউট আন্দোলনের প্রবর্তক লর্ড ব্যাডেন পাওয়েল এবং লেডি ব্যাডেন পাওয়েলের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ‘আওয়্যার ফ্রেন্ডশিপ’ স্লোগানে এবারের বিশ্ব চিন্তা দিবস পালন করা হয়। এদিন অতিথিদের আসন গ্রহণের পর অভ্যর্থনা, ফুলেল শুভেচ্ছা ও বিশ্ব চিন্তা দিবসের ব্যাজ প্রদান করা হয়।
ধর্মীয় সম্প্রীতির প্রতীকী আয়োজন হিসেবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসরাত জাহান, গীতা থেকে পাঠ করেন প্রিয়ন্তী অধিকারী, বাইবেল থেকে পাঠ করেন সন্ধি পাত্রিসিয়া গমেজ এবং ত্রিপিটক পাঠ করেন চছাইনু মার্মানী। ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত ও বিশ্ব সংগীতে অংশ নেন অতিথিরাও।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজধানী অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ। বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে বক্তব্য দেন ১৭তম জাতীয় রেঞ্জার চেয়ারম্যান রুপা আক্তার।
এদিন তিন শাখায় প্রতিজ্ঞা নবায়ন অনুষ্ঠিত হয়। হলদে পাখিতে সুমাইয়া আক্তার মীম, গার্ল গাইডে জাহারা খন্দকার এবং রেঞ্জারে সাদিয়া নূর প্রতিজ্ঞা নবায়ন করে। সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় দেশের গান ‘জন্ম আমার ধন্য হলো’, কবিতা ‘নারী’, হামদ ‘ঐ চাঁদ সূর্য’ এবং একুশে ফেব্রুয়ারি বিষয়ক কবিতা আবৃত্তি।

নিজস্ব প্রতিবেদক