রাবিতে ঈদে তিন শতাধিক শিক্ষার্থীর জন্য থাকছে বিশেষ আয়োজন
চাকরির প্রস্তুতি ও আসন্ন পরীক্ষাসহ ব্যক্তিগত নানা কারণে এবারের ঈদুল ফিতরে বাড়ি ফিরতে পারছেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। ক্যাম্পাসেই ঈদ কাটাতে হবে এমন শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু (রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) প্রতিনিধিরা।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী আকাশ ইসলাম জানান, সামনে চাকরির পরীক্ষা থাকায় প্রস্তুতির জন্য এবার বাড়ি যাওয়া হচ্ছে না। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের কথা মনে পড়লে মন খারাপ হলেও ক্যারিয়ারের কথা ভেবে ক্যাম্পাসে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আকাশের মতো এমন অনেক শিক্ষার্থীই এবার ক্যাম্পাসের হলে অবস্থান করবেন।
রাকসু জিএস সালাউদ্দিন আম্মার জানান, বাড়ি যেতে না পারা প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ইতোমধ্যে এই বিশেষ আয়োজনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। এসব শিক্ষার্থীদের ঈদ উপহার হিসেবে ছাত্রদের জন্য পাঞ্জাবি এবং ছাত্রীদের জন্য থ্রি-পিসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ঈদের দিন সবার জন্য আয়োজন করা হয়েছে এক বিশাল 'গণভোজের'। মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও থাকছে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা।
রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনে রাকসু সবসময় পাশে থাকবে। আমরা প্রতিনিধিরা ভাগ করে নিয়েছি কে কোন ঈদে শিক্ষার্থীদের সঙ্গে থাকব। এবার জিএস থাকছেন, আগামী কোরবানির ঈদে আমি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে সময় দেব।
উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম জানান, হল প্রভোস্ট কাউন্সিলে শিক্ষার্থীদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ঈদের দিন সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হলের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে।
উপাচার্য আরও বলেন, ঈদের ছুটিতে ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় নিরাপত্তা নিয়ে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের একটি বিশেষ টিম কাজ করছে।

আবু ছালেহ শোয়েব, রাজশাহী বিশ্ববিদ্যালয়