বাইউস্টে নবীন বরণ ও ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
উৎসবমুখর পরিবেশে এবং বাংলা নববর্ষের আমেজে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বাইউস্ট) নবীন বরণ ও ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাইউস্ট কালচারাল ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে উপাচার্য বলেন, ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি ‘জ্ঞান, প্রজ্ঞা ও প্রযুক্তি’ এই মূলমন্ত্র নিয়ে কুমিল্লা সেনানিবাসের অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করেছিল এই প্রতিষ্ঠান। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থী ও অভিভাবকদের ভালোবাসা এবং বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি আজ ১১ বছরে পদার্পণ করল। অদূর ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম সারির একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।
অনুষ্ঠানে ২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এই উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্ল্যাশমব এবং বৈশাখী মেলার আয়োজন করা হয়, যা পুরো ক্যাম্পাসে উৎসবের আবহ তৈরি করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাইউস্ট কালচারাল ক্লাবের উপদেষ্টা ও সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহযোগী অধ্যাপক নুসরাত জাহান। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হাসান (অব.), বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মাহফুজ নান্টু, কুমিল্লা