শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে জরুরি নির্দেশনা
সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাড়ির বাইরে ঘোরাঘুরি কমিয়ে পড়ার টেবিলে ফেরাতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে বিশেষ ‘মোটিভেশনাল’ বা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা পাঠানো হয়।
শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধসহ শিক্ষার্থীদের পড়াশোনায় অধিকতর মনোযোগী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের (ভিসি) আদেশক্রমে জানানো হয়েছে, শিক্ষার্থীদের সন্ধ্যার পর পড়ার টেবিলে ফেরানো, ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং নিয়মিত পরীক্ষা ও সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এই লক্ষ্য বাস্তবায়নে কলেজসমূহের নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে সচেতনতামূলক ও মোটিভেশনাল কার্যক্রম পরিচালনার অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে পাঠানো স্মারকে এসব সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক