ঢাবি প্রক্টরের পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। আজ রোববার (১০ মে) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের বিষয়ে অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, ‘ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র জমা দিয়ে এসেছি। এই মুহূর্তে আমি বিশ্রামে থাকতে চাই।’
প্রক্টরের পদত্যাগপত্র জমা দেওয়া বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘প্রক্টরের বিষয়ে শিগগিরই আমরা সিদ্ধান্ত নেব।’
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাইফুদ্দীন আহমদ প্রক্টর হিসেবে নিয়োগ পান।
গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি। এরপর গত দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে আজ পদত্যাগের ঘোষণা দিলেন প্রক্টর।

নিজস্ব প্রতিবেদক