পবিপ্রবিতে ভিসিবিরোধী আন্দোলনে হামলায় প্রক্টরসহ আহত ২০, কমপ্লিট শাটডাউন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য (ভিসি) ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে বহিরাগতরা। এই ঘটনায় প্রক্টর ও শিক্ষকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।
আজ সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই ঘটনা ঘটে। দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভিসির অপসারণ দাবিতে আজ সোমবার (১১ মে) সকালে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করছিলেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি চলাকালে হঠাৎ লাঠিসোঁটা নিয়ে একদল বহিরাগত ক্যাম্পাসে ঢুকে আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা আন্দোলনকারীদের লক্ষ্য করে চেয়ার দিয়ে বেধড়ক মারধর শুরু করলে ক্যাম্পাসে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আতিকুর রহমানসহ শিক্ষক ও কর্মকর্তাদের অন্তত ২০ জন আহত হয়েছেন। হামলার পরপরই ভিসিপন্থী বহিরাগতরা পুরো ক্যাম্পাসে মহড়া দেয় এবং মূল ফটকে অবস্থান নেয়। এই ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে ও বাইরে বিক্ষোভ শুরু করে এবং দুমকি-বরিশাল সড়ক অবরোধ করে রাখে।
প্রক্টর আতিকুর রহমান নিশ্চিত করে বলেন, ডিন কাউন্সিল, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া বিকেলে অনুষ্ঠিতব্য বিভিন্ন ফ্যাকাল্টির ফাইনাল পরীক্ষা স্থগিত করেছেন সাধারণ শিক্ষকরা।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি এবং কিছু অবহিতও করেনি। তাই আমরা কোনো আইনি ব্যবস্থা নিতে পারছি না। পুলিশ ক্যাম্পাসের বাইরে সতর্ক অবস্থানে রয়েছে।
কোনো লিখিত অভিযোগ পাননি দাবি করে ট্রেজারার আব্দুল লতিফ বলেন, ক্যাম্পাসে কী হয়েছে তা আমার জানা নেই। আমি মনে করি না এখানে পুলিশের কিছু করার প্রয়োজন আছে।
উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা অবৈধ কিছু আবদার করার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি বর্তমানে ঢাকার পথে রয়েছি। আমার অনুপস্থিতিতে এমন ঘটনা দুঃখজনক।

কাজল বরণ দাস, পটুয়াখালী