বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আদালত, শিক্ষার্থীরা আসামি-আইনজীবী
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) আইন বিভাগ ও বাইউস্ট ল’ ক্লাবের যৌথ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘১ম আন্তঃব্যাচ ট্রায়াল ট্যাকটিকস প্রতিযোগিতা-২০২৬’। গতকাল রোববার (১৭ মে) দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মক ট্রায়াল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন যেন রূপ নেয় একটি বাস্তব আদালতে। সেখানে শিক্ষার্থীরা আসামি, আইনজীবী ও সংশ্লিষ্ট বিভিন্ন চরিত্রে অংশ নেন এবং বিচারকের আসনে ছিলেন দেশের অভিজ্ঞ আইনবিদরা।
সরেজমিনে দেখা যায়, বাইউস্টের মিলনায়তনে চলছে গুরুগম্ভীর আদালতের পরিবেশ। শিক্ষার্থীরা আইনজীবীর গাউন পরে আইনি যুক্তিতর্ক উপস্থাপন করছেন, অপরপক্ষ আপত্তি (অবজেকশন) তুলছেন এবং বিচার প্রক্রিয়ার বিভিন্ন ধাপ বাস্তবধর্মীভাবে ফুটিয়ে তুলছেন। প্রথম দেখায় এটি শিক্ষার্থীদের জন্য সাজানো মক কোর্ট বলে মনে হওয়ার কোনো সুযোগ ছিল না।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, মক ট্রায়ালের মাধ্যমে তারা আদালতের বাস্তব পরিবেশ, নিয়মকানুন ও কার্যপ্রণালী সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। অভিজ্ঞ বিচারকদের কাছ থেকে নিজেদের ভুল-ত্রুটি সংশোধনের সুযোগ মেলায় তাদের ভেতরের জড়তা কেটেছে এবং পেশাগত আত্মবিশ্বাস অনেক বেড়েছে।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাইউস্টের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক (অব.)। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদ হাসান (অব.) ও সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. রুমা ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. নাঈম আলীমুল হায়দার।
সভাপতির বক্তব্যে ড. নাঈম আলীমুল হায়দার বলেন, মক ট্রায়ালের মাধ্যমে শিক্ষার্থীরা আদালতের পরিবেশ, যুক্তিতর্ক উপস্থাপন, সাক্ষ্য গ্রহণ, জেরা, আইনের প্রয়োগ, কোর্টরুম এটিকেট, কৌশলগত চিন্তাভাবনা ও সময় ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তরের সুযোগ পেয়েছে।
প্রধান অতিথি কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক (অব.) তার বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, বিশ্লেষণী ক্ষমতা এবং ভবিষ্যতে বিচারিক পরিবেশে সফলভাবে কাজ করার প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করবে।
আইন বিভাগের প্রভাষক নাদিয়া ইসলাম নদী এবং প্রভাষক সাইমুর রহমান সুনীতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবারের প্রতিযোগিতায় আইন বিভাগের ১০টি দল থেকে মোট ৭৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও শতাধিক শিক্ষার্থী পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থেকে আদালত কক্ষের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

মাহফুজ নান্টু, কুমিল্লা