পবিপ্রবিতে ৮ম দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্য (ভিসি) ড. কাজী রফিকুল ইসলামের অপসারণের এক দফা দাবিতে ৮ম দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। আন্দোলনের ধারাবাহিকতায় আজ সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকেও ক্যাম্পাস প্রাঙ্গণে বিক্ষোভ, সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করছেন আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভিসি ড. কাজী রফিকুল ইসলামের নানা দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে গত ১১ মে থেকে ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্য জোট বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। আন্দোলন চলাকালে গত সপ্তাহে ভিসির পক্ষের একদল বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। ওই হামলায় শিক্ষক ও কর্মকর্তাসহ অন্তত ৩০ জন আহত হন।
ওই হামলার প্রতিবাদে ভিসি-বিরোধী শিক্ষকরা ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে তীব্র নিন্দা জানান। একই সাথে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে-বাইরে একযোগে বিক্ষোভ শুরু করেন এবং দুমকি-বাউফল-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এর পরপরই বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা যৌথভাবে অনির্দিষ্টকালের জন্য পুরো বিশ্ববিদ্যালয় শাটডাউন (অচল) ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আতিকুর রহমান ও সহকারী প্রক্টর আবুল বাশার খান জানান, শাটডাউন কর্মসূচির কারণে বিভিন্ন অনুষদের (ফ্যাকাল্টি) চলমান ফাইনাল পরীক্ষা নেওয়া বন্ধ করে দিয়েছেন শিক্ষকরা। একই সাথে সাধারণ শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করে এই আন্দোলনে শামিল হয়েছেন।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, পবিপ্রবিতে শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই মামলার প্রেক্ষিতে পুলিশ এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে ভিসি ড. কাজী রফিকুল ইসলাম জানান, তিনি বর্তমানে রাষ্ট্রীয় বা দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করছেন। তবে তার অনুপস্থিতিতে ক্যাম্পাসে এমন ‘অযৌক্তিক’ আন্দোলন এবং অচলাবস্থা তৈরি করা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
এদিকে শীর্ষ প্রশাসনের অনুপস্থিতিতে অভিভাবকহীন পবিপ্রবিতে এই আন্দোলনের জেরে স্থবির হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। ফলে সাধারণ শিক্ষার্থীদের মনে আবারও দীর্ঘ সেশনজটের মুখে পড়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে।

কাজল বরণ দাস, পটুয়াখালী