২৩ দিনের ছুটি শেষে রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে দীর্ঘ ২৩ দিন পর আগামী রোববার (১৪ জুন) থেকে পুরোদমে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। শুক্রবার (১২ জুন) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করীম চৌধুরী।
তিনি বলেন, বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি শেষ হয়েছে। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আগামী রোববার থেকে ক্যাম্পাসে পুরোদমে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে। যদিও ছুটি চলাকালীন জরুরি প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সীমিত পরিসরে চালু ছিল।
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। এর আগে ২২ ও ২৩ মে এবং পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা ২৩ দিনের দীর্ঘ ছুটিতে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়