চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত
টানা ভারি বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আজ বুধবারের (৮ জুলাই) সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়, যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রচার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া, তীব্র জলাবদ্ধতা এবং এর ফলে সৃষ্ট পরিবহণ সংকটের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশক্রমে আজকের সকল ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে গত সোমবার থেকে শুরু হওয়া টানা অতি ভারি বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকায় মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাটে পানি ঢুকে পড়ায় সাধারণ জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে।
জলাবদ্ধতার প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থাতেও। গতকাল মঙ্গলবার সকালে রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ অব্যাহত থাকার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ফুয়াদ মন্ডল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়