রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতিকে পাঠানো এক অভিনন্দন বার্তায় উপাচার্য এ শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, রাষ্ট্রপতির সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বগুণ দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আপনার যোগ্য ও গতিশীল নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং উদ্ভাবনী জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে আশা করি।
অভিনন্দন বার্তায় আরও বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিদ্রোহী কবি নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণমুক্ত সমাজের চেতনাকে ধারণ করে শিক্ষা ও গবেষণার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন আরও বেগবান হবে বলে প্রত্যাশা করেন উপাচার্য।
চিঠির শেষাংশে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। একই সঙ্গে তার দায়িত্বশীল ভূমিকায় দেশের উচ্চশিক্ষা ও জাতীয় উন্নয়ন আরও সমৃদ্ধ ও সফল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়