বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিভিন্ন অনুষদের স্নাতক ও বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১৪ জনই নারী। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রশাসন কর্তৃক দ্বিতীয়বারের মতো আয়োজিত এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং ১৫ জন শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়। কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদের ২০২০-২০২১ শিক্ষাবর্ষ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ সম্মাননা লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী শিক্ষার্থীদের সততা, দেশপ্রেম ও গবেষণাধর্মী মানসিকতা নিয়ে নতুন বাংলাদেশ ও বিশ্ব বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, অর্জিত জ্ঞান ও যোগ্যতাকে দেশ এবং মানবতার কল্যাণে কাজে লাগানোই শিক্ষার মূল উদ্দেশ্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন মানসম্মত গবেষণার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
পুরস্কারপ্রাপ্তির অনুভুতি প্রকাশ করে ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত মাইমুনা খাতুন বলেন, কঠোর পরিশ্রম, আল্লাহর প্রতি বিশ্বাস ও বাবা-মায়ের দোয়াই এই সাফল্যের মূল চাবিকাঠি। আরেক অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী তার এই কৃতিত্বের পেছনে মা ও বড় বোনের অবদানকে প্রধান অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
একাডেমিক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মো. আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এ কে জায়ীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়