অপ্রতীম হত্যাকাণ্ডে শোকাহত ক্যাম্পাস, রোববার ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়্যাত শাহরিয়ার অপ্রতীমের মর্মান্তিক ও নৃশংস ‘হত্যাকাণ্ডে’ গভীর শোক প্রকাশ করে আগামীকাল রোববার (২০ সেপ্টেম্বর) সাধারণ শোক দিবস ও বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেছে প্রশাসন।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষিকার কনিষ্ঠ সন্তান অপ্রতীমের নৃশংস হত্যাকাণ্ডে পুরো কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত, স্তম্ভিত ও মর্মাহত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে ঘটনাটির সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার কুবির সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেবে।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, অপ্রতীমের এমন অবর্ণনীয় ও মর্মান্তিক হত্যাকাণ্ডে পুরো কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার মানসিকভাবে বিপর্যস্ত ও গভীরভাবে শোকাহত। ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার অবস্থা নেই বলেই আগামীকাল বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক দিবস ও ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়