ভোট পুনর্গণনার দাবিতে পাবনা-৩ ও ৪ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া ফরিদপুর) ও পাবনা-৪ (ঈশ্বরদী ও আটঘরিয়া) আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় পাবনা-৩ ও ৪ আসনের বিএনপির নেতাকর্মীরা। এ সময় 'অবৈধ নির্বাচন মানি না, মানব না', ‘ভোট গণনা বাতিল চাই, করতে হবে'সহ ভোট পুনর্গণনার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ ঘিরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। কার্যালয়ের সামনে পুলিশ, বিজিবির পাশাপাশি অতিরিক্ত সেনা মোতায়েন করা ছিল। বিকেল ৫টার দিকে জেলা প্রশাসক সেনাবাহিনী প্রহরায় তার কার্যালয়ে আসেন। পরে পাবনা-৩ এর বিএনপির পরাজিত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন ও পাবনা-৪ আসনের বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান হাবিবসহ জেলা বিএনপির নেতারা জেলা প্রশাসকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। প্রায় এক ঘন্টা পর বিএনপির নেতারা তাদের কর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সরে যান।
পরে জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম জানান, তাদের আবেদনপত্র দুটি প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা