আভিভা ইক্যুইটির আর্থিক লেনদেন তদন্ত করবে বিএসইসি
পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের নেওয়া ঋণ, আর্থিক লেনদেন ও অর্থপাচার বিষয়ে তদন্তে নেমেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আভিভা ফাইন্যান্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বেশকিছু নির্দেশনা সাপেক্ষে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছে বিএসইসির এই কমিশন। সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়। তদন্তের বিষয়ে আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়। তদন্ত কমিটির সদস্যরা হলেন বিএসইসির পরিচালক মনসুর রহমান, যুগ্ম পরিচালক সুলতানা পারভীন ও সহকারী পরিচালক মো. মারুফ হাসান।
বিএসইসি সূত্রে জানা গেছে, আভিভা ফাইন্যান্স থেকে ঋণ নিয়েছে আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্ট। ঋণের টাকা কোথায় ব্যবহার হয়েছে, যথাযথ নিয়ম মেনে তা ব্যবহার করা হয়েছে কি না, ঋণের টাকা থেকে কোনো রিলেটেড পার্টিকে মার্জিন ঋণ দেওয়া হয়েছে কিনা, ঋণ মানিলন্ডারিংয়ে ব্যবহৃত হয়েছে কিনা, যথাসময়ে পরিশোধে ব্যর্থতার কারণ কী— এসব বিষয় তদন্ত করবে বিএসইসি গঠিত তদন্ত কমিটি।

নিজস্ব প্রতিবেদক