উত্থানের ৪০ মিনিটে লেনদেন ২০২ কোটি টাকা
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বুধবার (১৫ এপ্রিল) শুরুর প্রথম ৪০ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ৪০ মিনিটে লেনদেন হয়েছে ২০১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৮১ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৫ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ৩৩ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান আরও বাড়ে। লেনদেন শুরুর ৪০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৪১ দশমিক ২৮ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২৭১ দশমিক ৬৫ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক ৯ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৭ দশমিক ৭৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১১ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৯২ দশমিক ৪২ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩০৮টির, কমেছে ৩০টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার দর। এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা খান ব্রাদার্সের ১১ কোটি ৫৬ লাখ টাকা, একমি পেস্টিসাইডের ৯ কোটি ৮৯ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের সাত কোটি ৬৯ লাখ টাকা, মীর আকতারের সাত কোটি ৩২ লাখ টাকা, পাইওনিয়র ইন্স্যুরেন্সের ছয় কোটি ৬৬ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের পাঁচ কোটি ৬৮ লাখ টাকা, সিটি ব্যাংকের পাঁচ কোটি ৩২ লাখ টাকা এবং মুন্নু সিরামিকের চার কোটি ২১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক