দায়িত্ব পরিপালনে ব্যর্থ আইসিবি, অর্থদণ্ড ১৫ লাখ টাকা
ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড থেকে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে দুটি কোম্পানিতে সাত কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠান দুটোতে বিনিয়োগে মিউচ্যুয়াল ফান্ডটির ট্রাস্টি হিসেবে যথাযথ দায়িত্ব পরিপালনে ব্যর্থতার দায়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ১৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।
গতকাল মঙ্গলবার (৫ মে) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বুধবার বিএসইসি পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠান দুটি হলো—বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডে ও এএফসি হেলথ লিমিটেড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিউচ্যুয়াল ফান্ডটি থেকে বিধি-বহির্ভূত বিনিয়োগ হওয়ায় ফান্ডটির ইউনিটধারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। এক্ষেত্রে ট্রাস্টি হিসেবে আইসিবি যথাযথ তদারকি করতে ব্যর্থ হয়েছে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটিকে ১৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া বিনিয়োগগুলোর বিপরীতে হঠাৎ করে ৯৯ শতাংশ প্রভিশন রাখা হলেও তা নিরীক্ষা প্রতিবেদনে যথাযথভাবে তুলে ধরেনি নিরীক্ষক মালেক সিদ্দিকী ওয়ালী অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। তাই নিরীক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

নিজস্ব প্রতিবেদক