বিএসইসির উদ্যোগে কর্পোরেট সুশাসন আরও শক্তিশালী হবে : মাসুদ খান
বিএসইসির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের কর্পোরেট খাতে সুশাসন আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আগারগাঁওয়ের বিএসইসি ভবনে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এসময় তারা বিএসইসির নবনিযুক্ত কমিশনার হোসেন সাদাতের সঙ্গেও সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানান।
এক বিজ্ঞপ্তিতে আইসিএসবির সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী জানান, বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সাথে আইসিএসবির নব নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে আইসিএসবির অফিস বেয়ারাররা তার অফিসে আজ বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আইসিএসবির প্রেসিডেন্ট বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে আইসিএসবি প্রতিনিধি সদস্যদের পরিচয় করিয়ে দেন। এসময় আইসিএসবির সদস্যদের পেশাগত উন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেন।
আইসিএসবির প্রতিনিধি দল বিএসইসির কমিশনার হোসেন সাদাতের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের পক্ষ থেকে আইসিএসবির প্রেসিডেন্ট বিএসইসির কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। বিএসইসির চেয়ারম্যান প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং কোম্পানি সেক্রেটারি পেশার উন্নয়নে আইসিএসবির ভূমিকার প্রশংসা করেন। আশা প্রকাশ করে তিনি করেন, বিএসইসির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের কর্পোরেট খাতে সুশাসন আরও শক্তিশালী হবে। তিনি আইসএসবির প্রতি তার সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন।
আইসিএসবির প্রতিনিধিদল বিএসইসি চেয়ারম্যানকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। একইসঙ্গে তার অব্যাহত সহযোগিতা ও দিকনির্দেশনা ইনস্টিটিউটের উত্তরোত্তর অগ্রগতির ক্ষেত্রে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান, ট্রেজারার মো. মিজানুর রহমান, সেক্রেটারী মো. সাব্বিরুল আলম চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক