প্রধান সূচক বাড়লেও কমেছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে চার পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। গতকাল সোমবারের (১২ অক্টোবর) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। তবে লেনদেন কমে এদিন ৪১৬ কোটি টাকায় নেমে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। পরে এই সূচকের উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে চার দশমিক শূন্য তিন পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪০৮ দশমিক ৯০ পয়েন্টে।
এদিন ডিএস-৩০ সূচক পাঁচ দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৮৯ দশমিক ৪৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক শূন্য দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৭০ দশমিক ১৪ পয়েন্টে। এদিন লেনদেন হয়েছে ৪১৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৪৫২ কোটি ৮১ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৮৩ হাজার ৫৯৬ কোটি ৫২ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৮২ হাজার ৮৬৭ কোটি ৪৭ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ১৩৭টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইভেন্স টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির ১৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সায়হাম টেক্সটাইলের ১৩ কোটি ১১ লাখ টাকা, সোনালী আঁশের ১১ কোটি ৫৩ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ১১ কোটি ৩৪ লাখ টাকা, বেক্সিমকো ৯ কোটি ২৯ লাখ টাকা ও আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯ কোটি ছয় লাখ টাকা এবং প্যারামাউন্ট টেক্সটাইলের আট কোটি ৫৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে এপেক্স ট্যানারির শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৬৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে পিএফ ফাস্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক