উত্থান-পতনে কমেছে সূচক ও লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উত্থান-পতনের মধ্য দিয়ে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ৬৯ কোটি ৮৪ লাখ টাকা। আর সূচক কমেছে ২৫ পয়েন্ট।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনের শুরু থেকেই উত্থান-পতন ছিল। বাজার শুরুর প্রথম ১০ মিনিট ঊর্ধ্বমুখী অবস্থানে থাকার পর থেকে নিম্নমুখী হয়ে বেলা সাড়ে ১১টায় আবারও ওঠার চেষ্টা করলে তা হয়নি। শেয়ার বিক্রির চাপের তুলনায় ক্রেতা না থাকায় নিম্নমুখী অবস্থানে সূচকের পতন দিন শেষ করে।
ডিএসইতে আজ ৫৩৩ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, আগের দিনের চেয়ে ৬৯ কোটি ৮৪ লাখ কম। লেনদেন হওয়া ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত ছিল ৪২টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ২৫ দশমিক ০৬ পয়েন্ট কমে ৪৭৮৩ দশমিক ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ১৪ পয়েন্ট ও শরিয়াহ সূচক ৬ দশমিক ৩৭ পয়েন্ট কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৩৮ কোটি ৭৮ লাখ ১৩ হাজার ৩১৪ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ১০ কোটি পাঁচ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১৫৮টির ও অপরিবর্তিত ছিল ৩৫টির দাম। সিএসইর সার্বিক সূচক কমেছে ৮৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৯৭ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, আলহাজ টেক্সটাইল, ফার কেমিক্যাল এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
দর বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- এক্সিম প্রথম মিউচুয়াল ফান্ড, বিচ হ্যাচারি, এপেক্স ফুডস, নর্দার্ন জুট, বিডি ওয়েল্ডিং, আরএসআরএম স্টিল, আলহাজ টেক্স, সেন্ট্রাল ফার্মা, শাহজিবাজার পাওয়ার ও মুন্নু সিরামিকস।
দর হারানোয় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো স্কয়ার ফার্মা, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, সপ্তম আইসিবি, ইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, অষ্টম আইসিবি, দ্বিতীয় আইসিবি, ষষ্ঠ আইসিবি, তৃতীয় আইসিবি ও সমতা লেদার।

অর্থনীতি ডেস্ক