আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম বেড়েছিল গত ১ নভেম্বর। সে অনুযায়ী বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে এক হাজার ৬৮০ টাকা। এ হিসাবে আজ সোমবার (১০ নভেম্বর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে দুই লাখ এক হাজার ৭৭৬ টাকা। সারা দেশে সমন্বয় করা নতুন দামেই মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে।
আরও পড়ুন : সবচেয়ে বেশি স্বর্ণ ব্যবহার করে যে পাঁচ দেশ
এর আগে গত ১ নভেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৬৮০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। নতুন মূল্য তালিকা অনুসারে, দেশের বাজারে প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম এক লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৫ হাজার ৮১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৩৭ হাজার ১৮০ টাকায় বেচাকেনা হচ্ছে।
আরও পড়ুন : আগামী বছর কোথায় পৌঁছাতে পারে স্বর্ণের দাম
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক