বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন
বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন হয়ে পড়ায় ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহক। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সার্ভার অচল হয়ে যায়। ঠিক কখন সার্ভার স্বাভাবিক হবে তা জানাতে পারেননি বাংলাদেশ ব্যাংক।
এদিক সার্ভার ডাউনের কারণে চেক ক্লিয়ারিং-সহ স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট নিষ্পত্তি ব্যাহত হয়েছে। একই কারণে কার্ডভিত্তিক আন্তঃব্যাংক লেনদেনের সহায়তার জন্য চালু করা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থাও বন্ধ রয়েছে। সমস্যাটি বিদ্যুৎ বিভ্রাটের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সার্ভার কখন সচল হবে তা স্পষ্ট নয়। ইতোমধ্যে বিভিন্ন ব্যাংক গ্রাহকদের নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে, প্রযুক্তিগত সমস্যার কারণে এনপিএসবি সেবা সাময়িকভাবে অকার্যকর রয়েছে। সিস্টেমটি যত দ্রুত সম্ভব পুনরায় চালু করা হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজ ওঠানামার কারণে পুরো সিস্টেম অফ হয়ে গিয়েছিল। এখন টিম কাজ করছে। বিকেল চারটার পর থেকেই সমস্যা শুরু হয়েছে। সব ধরনের আন্তঃব্যাংক লেনদেন আপাতত বন্ধ আছে। কখন ঠিক হবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে কাজ দ্রুত এগোচ্ছে।

নিজস্ব প্রতিবেদক