স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল ৭৩৪৮ টাকা
দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ল। ভালো মানের এক ভরি স্বর্ণের দাম সাত হাজার ৩৪৮ টাকা বাড়ানো হয়েছে। সে হিসাবে আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে দুই লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা গুনতে হচ্ছে। দেশের বাজারে স্বর্ণের দাম এত বেশি এর আগে কখনো হয়নি।
আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা ২৬ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৮১ হাজার ৭২৫ টাকায় বেচাকেনা হচ্ছে।
গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৬২ হাজার ৪৪০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকায় বেচাকেনা হয়।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে।
গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক