যমুনা ব্যাংক, বিআরএইচসি ও চীনা হাসপাতালের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক যমুনা ব্যাংক পিএলসি, বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার (বিআরএইচসি) এবং শেনজেন হেংশেং হাসপাতাল ও গুয়াংজু ফোসান চ্যানচেং হাসপাতালসহ চীনের শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তি বাংলাদেশি রোগীদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। গত ২২ এপ্রিল রাজধানীর গুলশান-১-এ যমুনা ব্যাংক পিএলসি'র প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করা হয়। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনটি প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধিগণ এই সমঝোতা স্মারকে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন। তারা হলেন : মো. জাহাঙ্গীর আলম — উপ-ব্যবস্থাপনা পরিচালক, যমুনা ব্যাংক পিএলসি; আবিদুর রহমান — উপ-ব্যবস্থাপক, অপারেশনস বিভাগ, বিআরএইচসি; লিউ ওয়েনজুয়ান — ব্যবস্থাপক, আন্তর্জাতিক ব্যবসা বিভাগ, গুয়াংজু ফোসান চ্যানচেং হাসপাতাল; ঝাং ফান — এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, শেনজেন হেংশেং হাসপাতাল
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেনজেন হেংশেং হাসপাতালের মার্কেটিং ম্যানেজার গুও চেং ঝুও এবং ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টারের পরিচালক উ পেং; বিআরএইচসি থেকে প্রকৌশলী মো. মোজাম্মেল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই কৌশলগত সহযোগিতার আওতায় তিনটি প্রতিষ্ঠান রোগী রেফারেল, চিকিৎসা সমন্বয় এবং চীনে উন্নত স্বাস্থ্যসেবা প্রাপ্তির জন্য একটি সমন্বিত ও পেশাদার কাঠামো গড়ে তুলেছে। বিআরএইচসি প্রধান মেডিকেল ফ্যাসিলিটেটর হিসেবে রোগীর সমন্বয়, হাসপাতালের সঙ্গে যোগাযোগ এবং সামগ্রিক সেবা ব্যবস্থাপনা নিশ্চিত করবে। এই চুক্তির একটি বিশেষ ও আকর্ষণীয় দিক হলো যমুনা ব্যাংক পিএলসি'র সকল কার্ডধারী গ্রাহকদের জন্য একটি বিশেষ ছাড়ের সুবিধা। চীনে চিকিৎসার মোট ব্যয় ২০ হাজার আরএমবি অতিক্রম করলে, নির্ধারিত শর্তসাপেক্ষে, গ্রাহকরা মোট চিকিৎসা খরচের ওপর সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

এনটিভি অনলাইন ডেস্ক