নির্বাচন ঘিরে মুঠোফোনে আর্থিক লেনদেন সীমিত থাকবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোবাইল ফোনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে নগদ অর্থের লেনদেন সীমা কমিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশ অনুযায়ী আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১২টা পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এ দৈনিক ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না।
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে আজ রোববার এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অপর আরেক অভ্যন্তরীণ নির্দেশনায় ব্যাংকগুলোকে বলা হয়েছে, গ্রাহক প্রতি দৈনিক নগদ লেনদেন এক লাখ টাকার বেশি হবে না। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, এই ব্যবস্থা নির্বাচনকালীন সময়ের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ প্রসঙ্গে বলেন, এখন থেকে দিনে ১০ বার লেনেদেন করে মোট ১০ হাজার টাকা পাঠানো ও উত্তোলন করা যাবে। প্রতিবার সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠানো যাবে।

নিজস্ব প্রতিবেদক