মোবাইল ব্যাংকিংয়ে ২৪৫ কোটি টাকার বিদেশি বিনিয়োগ নেবে ইসলামী ব্যাংক
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে সেবার পরিধি বাড়াতে প্রায় ২৪৫ কোটি টাকার বিদেশি বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠান এমক্যাশে এই কৌশলগত বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান বি১০০ হোল্ডিংস। গতকাল সোমবার (৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে ইসলামী ব্যাংক। এর আগে রোববার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বিদেশি বিনিয়োগ গ্রহণের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
ব্যাংকটির দেওয়া তথ্য মতে, এমক্যাশে প্রায় ২৪৪ কোটি ৯৫ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রা বিনিয়োগ করবে বি১০০ হোল্ডিংস। এই বিনিয়োগের বিপরীতে কোম্পানিটির হাতে এমক্যাশের সর্বোচ্চ ৪৮ দশমিক ৯৯ শতাংশ শেয়ার দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মতে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানিতে কমপক্ষে ৫১ শতাংশ মালিকানা কোনও বাণিজ্যিক ব্যাংকের থাকতে হয়। সেই নিয়ম মেনেই এমক্যাশে সংখ্যাগরিষ্ঠ মালিকানা ধরে রাখবে ইসলামী ব্যাংক। নতুন এই বিনিয়োগের ফলে এমক্যাশের পরিশোধিত মূলধন বেড়ে ৫০০ কোটি টাকায় উন্নীত হবে।
ব্যাংকটি জানায়, বিদেশি বিনিয়োগের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানের তারল্য পরিস্থিতিও আরও শক্তিশালী হবে। তবে বিনিয়োগ কার্যকর করতে এমক্যাশের পরিচালনা পর্ষদের অনুমোদন, নিয়ন্ত্রক সংস্থাকে অবহিতকরণ এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
২০১২ সালের ডিসেম্বরে মোবাইল ব্যাংকিং সেবা হিসেবে এমক্যাশ চালু করে ইসলামী ব্যাংক। দীর্ঘদিন ব্যাংকের নিজস্ব অবকাঠামোর আওতায় পরিচালিত হলেও চলতি বছরের জানুয়ারিতে এটি পৃথক সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে এমক্যাশের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন রয়েছে ৫০ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক