নিজেকে ৭০ নম্বর দিলেন অর্থ উপদেষ্টা
অর্থনৈতিক সংস্কারসহ নানা উদ্যোগ বাস্তবায়নে সীমাবদ্ধতার কথা স্বীকার করে নিজের কাজের মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে ৭০ নম্বর দিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অনেক উদ্যোগ শুরু করা গেলেও সবকিছু শেষ করা সম্ভব হয়নি। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নিজের কাজের রেটিং প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি খুব বাস্তববাদী মানুষ। নিজেকে ১০০ নম্বর কেন দেবো? আমাদের অনেক ইচ্ছা ছিল, অনেক কাজ শুরু করেছি, কিন্তু সব শেষ করে যেতে পারিনি। সে কারণেই আমি নিজেকে ৭০ বা ৮০-এর বেশি দিতে রাজি নই। তবে জনগণের স্বার্থে কোনো রাজনৈতিক এজেন্ডা ছাড়াই কাজ শুরু করা হয়েছে, সেটিই আমাদের বড় অর্জন।’
দেশের অর্থনীতির নাজুক অবস্থা ও কাঠামোগত দুর্বলতার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সময়ে অর্থনীতি পরিচালনা করা মোটেও সহজ ছিল না। দীর্ঘদিনের অনিয়ম এবং প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার কারণে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রত্যাশার চেয়ে বেশি সময় লেগেছে। তবুও আমরা একটি মজবুত ভিত্তি তৈরির চেষ্টা করেছি।’
বৈঠকে সরকারি কেনাকাটা ও ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। উপদেষ্টা জানান, সরকার যে সংস্কার কার্যক্রম শুরু করেছে, তা ধারাবাহিকভাবে চললে অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে।

নিজস্ব প্রতিবেদক