আসল টাকার নমুনা বানিয়ে প্রচারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ভিডিও, ছবি এবং আসল টাকার আদলে তৈরি নমুনা নোট ব্যবহার করে প্রচারণার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব কর্মকাণ্ড জাল নোটের প্রচলন বাড়িয়ে সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনাকে ঝুঁকির মুখে ফেলছে বলে জানায় ব্যাংকটি। কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়—আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন। নোট ব্যবহারে যত্নশীল হোন এবং আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করুন https://www.bb.org.bd/en/index.php/currency note
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান হয়েছে, সম্প্রতি ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আসল নোটের ডিজাইন ও আকারের অনুরূপ বা কখনো বড় আকারের নমুনা নোট ব্যবহার করে মার্কেটিং ও কনটেন্ট তৈরি করা হচ্ছে। বাজারে আসল টাকার মতো কাগজ ব্যবহার করে ব্যবসায়িক প্রচারণার ঘটনা নজরে এসেছে। আসল নোট সদৃশ কাগজ তৈরি, ব্যবহার বা প্রচার আইনত দণ্ডনীয় অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৪৮৯ (৬) অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে ডিজিটাল মাধ্যমে মিথ্যা বা গুজবমূলক তথ্য প্রচার সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ধারা ২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এমন অবস্থায় জাল নোটের বিস্তার রোধে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হলো। একইসঙ্গে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও অননুমোদিত প্রচারণা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ব্যাংকটি।

নিজস্ব প্রতিবেদক