ব্যবসায়ীদের কাছে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর
আয়করসহ অন্যান্য প্রত্যক্ষ করকে যুগোপযোগী ও অংশীদারিত্বমূলক করতে আগামী অর্থবছরের (২০২৬-২৭) বাজেটের জন্য ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে প্রস্তাবনা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।
বাজেট প্রস্তাবনা প্রসঙ্গে আল আমিন শেখ বলেন, আগামী ১৫ মার্চের মধ্যে বিভিন্ন চেম্বার ও বণিক সমিতিগুলোকে ছক তৈরি করে এনবিআরের করনীতি শাখার কাছে সুপারিশ ও প্রস্তাব পাঠাতে অনুরোধ করা হয়েছে। হার্ডকপির পাশাপাশি সরাসরি ইমেইলের (taxpolicynbr@gmail.com) মাধ্যমে প্রস্তাবসহ সুপারিশ পাঠানো যাবে।
ইতোমধ্য বিভিন্ন ব্যবসায়ী সমিতি, চেম্বার ও প্রতিষ্ঠানের কাছে পাঠানো চিঠিতে মোট চারটি বিষয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। বিষয়গুলো হচ্ছে- ২০২৩ সালের আয়কর আইন; ২০২৪ সালের উৎসে কর বিধিমালা ও অন্যান্য বিধিমালা; ২০০৩ সালের ভ্রমণ কর আইন এবং ১৯৯০ সালের দান কর আইন। ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ এরইমধ্যে শুরু হয়েছে। প্রত্যক্ষ কর ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও অংশীদারিত্বমূলক করার লক্ষ্যে ওই প্রস্তাবনা চাওয়া হয়েছে। এনবিআরের চিঠিতে ব্যবসায়ীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে আয়করসহ অন্যান্য প্রত্যক্ষ করসংক্রান্ত আইন-বিধির ওপর সুচিন্তিত মতামত, প্রস্তাব ও সুপারিশ চাওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক