দাবি না মানলে গভর্নরের পদত্যাগে কলম বিরতির হুঁশিয়ারি
দাবি না মানলে গভর্নর ড. আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে কলম বিরতির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
তাদের দাবির মধ্যে রয়েছে, কর্মকর্তাদের বদলি প্রত্যাহারসহ বাংলাদেশ ব্যাংকের সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ৩০তলা ভবনের নিচে এক প্রতিবাদ সভা থেকে এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় আজকের মধ্যেই দাবি পূরণের আহ্বান জানানো হয়। সভাটি শেষে একটি প্রতিবাদ র্যালিও বের করা হয়।
অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ বলেন, গভর্নর বিভিন্ন স্বৈরাচারী পদক্ষেপ নিয়েছে। তার তীব্র নিন্দা জানাই। আমাদের তিনজনকে শোকজ নোটিশ দিয়েছে। এর জবাব দেওয়ার আগেই বদলি করা হয়েছে। আমরা বিষয়টি সমাধানের জন্য ওনার কাছে গেলেও দেখা করেন না। তাই আমরা আমাদের শোকজ নোটিশ ও বদলি প্রত্যাহারসহ অন্যান্য দাবি-দাওয়া আজকের মধ্যে বাস্তবায়নের দাবি জানাচ্ছি। যদি তা বাস্তবায়ন না করা হয় তাহলে আগামীকাল থেকে প্রতীকী কলম বিরতিতে যাব। আর রোববার সর্বস্তরের কর্মকর্তাদের আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

নিজস্ব প্রতিবেদক