ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ৯ দশমিক ১৩ শতাংশ
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি বেড়েছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ। আগের মাস জানুয়ারিতে যা ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ। গত বছরের (২০২৫) একই সময়ে (ফেব্রুয়ারি) মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। আজ রোববার (৮ মার্চ) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময়ে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। যা জানুয়ারি মাসে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। গত বছরের ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। অন্যদিকে ফেব্রুয়ারিতে খাদ্যবহির্ভূত বা নন-ফুড খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক শূন্য এক শতাংশ। যা জানুয়ারিতে ছিল ৮ দশমিক ৮১ শতাংশ। আগের বছর একই সময়ে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ। বছরভিত্তিক হিসাবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমেছে।

নিজস্ব প্রতিবেদক