মূল্যস্ফীতি বাড়ল, নভেম্বরে ৮.২৯ শতাংশ
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াল আট দশমিক ২৯ শতাংশ। আগের মাস অক্টোবরে এই হার ছিল আট দশমিক ১৭ শতাংশ। গত বছরের নভেম্বরে এ হার ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ। আজ রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য বেড়িয়ে এসেছে।
বিবিএসের তথ্য মতে, বেড়েছে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি। গত নভেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়াল সাত দশমিক ৩৬ শতাংশে। যা অক্টোবরে ছিল সাত দশমিক শূন্য ৮ শতাংশ। গত বছরের নভেম্বরে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ।
খাদ্যবহির্ভূত (নন-ফুড) খাতে নভেম্বরে মূল্যস্ফীতি দাঁড়াল ৯ দশমিক শূন্য ৮ শতাংশে। যা অক্টোবরে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের নভেম্বরে এই হার ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক