ঈদের আগে ১৮ মার্চ ব্যাংক বন্ধ, নির্দিষ্ট এলাকায় সীমিত চালু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওইদিন দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক শিল্প খাতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এবং রপ্তানি বিল ক্রয়ের জন্য সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। এ কার্যক্রম পরিচালিত হবে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখায়। আজ মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে এ তথ্য জানায়।
সার্কুলারে বলা হয়, আগামী ১৮ ও ১৯ মার্চ (বুধবার ও বৃহস্পতিবার) সীমিত সংখ্যক জনবল দিয়ে এসব শাখায় ব্যাংকিং কার্যক্রম চলবে। অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলোতে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে ব্যাংকগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও এসব কার্যক্রম চলতে পারে। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক