যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার মেট্রিক টন গম নিয়ে জাহাজ এলো মোংলায়
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তির অধীনে দেশটি থেকে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম নিয়ে জাহাজ মোংলা বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। ক্রয় চুক্তি নন্বর জি টু জি -৩ এর আওতায় এই গম এসেছে।
বুধবার (১১ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। চুক্তির আওতায় আমদানিকৃত সব গম দেশে পৌঁছেছে।
এখানে উল্লেখ্য, চুক্তি-১ মোতাবেক ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং চুক্তি-২ মোতাবেক ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন; মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম ইতোমধ্যে দেশে এসেছে।
দেশে মোট গমের চাহিদা কম বেশি ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় কম-বেশি ১০ লাখ মেট্রিক টন। চাহিদা পূরণের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)