ফের বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ল। ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে তিন হাজার ২৬৬ টাকা। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, আজ মঙ্গলবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে হচ্ছে দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। অপরদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২১৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬৩ হাজার ৬৩ টাকা গুনতে হচ্ছে। যেখানে গতকাল সোমবার (৩০ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে হয়েছে দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায়। অপরদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা গুনতে হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক