ইসলামী ব্যাংকের ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের কর্মসূচি ঘোষণা
ইসলামী ব্যাংকের অনিয়ম, লুটপাটসহ অর্থপাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে পাঁচ দফা দাবিতে টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর মতিঝিল দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়েছে।
সমাবেশে ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের সভাপতি নুরুন নবি মানিক বলেন, ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের শিল্প, ব্যবসা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। কিন্তু একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে ব্যাংকটি দুর্বল করেছে। লুটপাট, ঋণখেলাপি ও অর্থপাচারের মাধ্যমে ব্যাংকটির অর্থ দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
নুরুন নবি মানিক বলেন, লুটপাটের উদ্দেশ্যে একটি চক্র পরিকল্পিতভাবে পরিস্থিতি তৈরি করছে। আমরা গ্রাহকরা ব্যাংকের স্বার্থবিরোধী কোনো অপচেষ্টা সফল হতে দেব না।
সম্প্রতি কিছু ব্যক্তি ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন নুরুন নবি মানিক।
সমাবেশে পাঁচ দফা দাবি আদায়ে দেশব্যাপী ১৫ দিনের কর্মসূচিও ঘোষণা দেয় নুরুন নবি মানিক। কর্মসূচির মধ্যে রয়েছে—অনলাইন ও অফলাইনে লিফলেট বিতরণ, পোস্টার ও প্রচারণা চালানো, ছাত্র-যুবক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে দাবিগুলো ছড়িয়ে দেওয়া, সংশ্লিষ্ট কর্মকর্তা ও সহযোগীদের চিহ্নিত করে তথ্য সংগ্রহ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচার, জেলা-উপজেলায় মানববন্ধন, সভা ও সেমিনার আয়োজন এবং জনমত গঠনের ওপর জোর দেওয়া।
ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের দাবির মধ্যে আছে—ব্যাংক লুটেরা এস আলম ও সব শীর্ষ লুটেরাকে গ্রেপ্তার এবং দেশীয় সম্পদ বাজেয়াপ্ত করা। একই সঙ্গে বিদেশে পাচার করা অর্থ ফেরত আনা।

নিজস্ব প্রতিবেদক