এপ্রিলে রেমিট্যান্স ছাড়াল ৩১২ কোটি ডলার
চলতি বছরের এপ্রিল মাসে দেশে ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩৮ হাজার ৩৮৩ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।
আজ রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একদিনেই প্রবাসী আয় এসেছে এক হাজার ৫৪৬ কোটি ৬৫ লাখ টাকা। গত বছরের এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ।
চলতি অর্থবছরের এপ্রিলে সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে দুই হাজার ৯৩৩ কোটি ২০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৪৫৩ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক