কোরবানির পশুর চামড়া কিনতে ঋণ গ্রহণে বিশেষ সুবিধা
দেশের রপ্তানিমুখী চামড়া শিল্পের কাঁচামাল সরবরাহ নিশ্চিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়া ব্যবসায়ীদের জন্য বিশেষ ঋণ সুবিধার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আগের পুনঃতফসিল ঋণের কিস্তি আদায়ের শর্ত শিথিল করে নতুন ঋণ নিতে পারবেন ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক (বিআরপিডি ১) গাজী মো. মাহফুজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, চামড়া শিল্প জাতীয় প্রবৃদ্ধি, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা আয় ও সাশ্রয় এবং মূল্য সংযোজনের নিরিখে এটি একটি সম্ভাবনাময় খাত। চামড়া শিল্পে সারা বছর ধরে ব্যবহৃত কাঁচামালের প্রায় অর্ধেক জোগান আসে প্রতিবছর ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া থেকে।
এতে বলা হয়, আসন্ন কোরবানির সময়ে কাঁচা চামড়া ব্যবসায়ীদের নিকট প্রয়োজনীয় অর্থের সরবরাহ থাকলে তা জাতীয় সম্পদ চামড়া ক্রয়, সংরক্ষণ ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমতাবস্থায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়া ক্রয়ের নিমিত্ত বিধি মোতাবেক ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অনুকূলে চলতি মূলধন ঋণ সীমা মঞ্জুর ও বিতরণ নিশ্চিতকরণের জন্য আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হয়। এ উদ্দেশ্যে বরাদ্দ ঋণের সুষ্ঠু বিতরণ নিশ্চিতকরণসহ তৃণমূল পর্যায়ে চামড়া ক্রয় কার্যক্রমে জড়িতদের নিকট পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, চামড়া ব্যাবসায়ীদের ইতোপূর্বের পুনঃতফসিলকৃত ঋণ থাকলে, আসন্ন কোরবানির পশুর কাঁচা চামড়া ক্রয়ের উদ্দেশ্যে নতুন ঋণ সুবিধা প্রদানের ক্ষেত্রে পুনঃতফসিলকৃত ঋণস্থিতির বিপরীতে কম্প্রোমাইজড এমাউন্ট আদায়ের বাধ্যবাধকতা আগামী ৩০ জুন পর্যন্ত শিথিল করা হলো। উপরোক্ত নির্দেশনা পরিপালনার্থে, ব্যাংকগুলোকে আসন্ন কোরবানির পশুর কাঁচা চামড়া ক্রয়ের জন্য ঋণ বিতরণের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। ২০২৬ সালের লক্ষ্যমাত্রা গত ২০২৫ সালের ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় কম নির্ধারণ করা যাবে না। নির্ধারিত লক্ষ্যমাত্রা ও বিতরণকৃত ঋণের তথ্য ‘সংযোজনী-ক’ মোতাবেক আগামী ৩১ জুলাই মধ্যে পরিচালক, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় বরাবর প্রেরণ করতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

নিজস্ব প্রতিবেদক