অবৈধ ইটভাটায় ব্যাংকের অর্থায়ন বন্ধে সংসদীয় কমিটির সুপারিশ
অবৈধ ইটভাটা বন্ধে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থায়ন বন্ধ করার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ এতে সভাপতিত্ব করেন।
বৈঠকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করণীয় নিয়ে সার্বিক আলোচনা হয়। মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্তের কারণে যাতে পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়।
এ সময় অবৈধ ইটভাটায় অর্থায়ন বন্ধে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়।
এ ছাড়া সারা দেশের বৈধ ও অবৈধ ইটভাটার তালিকা প্রণয়নের জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়। সেই সঙ্গে সরকারের নির্মীয়মাণ অবকাঠামোর ক্ষেত্রে ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের সুপারিশ করে কমিটি।
বৈঠকে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে পরিচালিত ১০১টি প্রকল্পের তথ্য-উপাত্ত কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে গত ১৬ বছরে মন্ত্রণালয়ের বরাদ্দ করা অর্থ কীভাবে ব্যয় হয়েছে, তা জানতে চাওয়া হয়।
চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা বাজেট ব্যয়ের পরিকল্পনাও বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
বৈঠকে কমিটির সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম ধলু, মো. আব্দুল মান্নান ও সুলতানা জেসমিন অংশ নেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং কমিটির সভাপতি, সদস্য, মন্ত্রণালয় ও কমিটি-সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব, বন ও পরিবেশ অধিদপ্তর এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)