তিন ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
ঝালকাঠি সদরে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : এনটিভি
ঝালকাঠি সদরের তিন ইটভাটাকে অভিযান চালিয়ে চার লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার( ৭ মে) কৃঞ্চকাঠি ও গাবখানে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের সঙ্গে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা।
অভিযানে মেসার্স ফোর স্টার ব্রিকস, মেসার্স এনটিসি প্লাস ব্রিকস ও মেসার্স ফাইভ স্টার ব্রিকসকে এক লাখ ৫০ হাজার টাকা করে মোট চার লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন জানান, তিনটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ অভিযান চালমান থাকবে।

এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)