মেয়ের কথায় দাফনের ১৩ ঘণ্টা পর জীবিত ভেবে বৃদ্ধার মরদেহ উত্তোলন
জামালপুরের মেলান্দহে দাফনের ১২ ঘণ্টা পর মেয়ের কথায় বৃদ্ধা নারীকে জীবিত ভেবে কবর থেকে মরদেহ উত্তোলনের ঘটনা ঘটেছে। পরে স্বজনরা মরদেহ নিয়ে মেলান্দহ ও জামালপুরের একাধিক হাসপাতালে গেলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
গতকাল শনিবার (১ আগস্ট) রাতে মেলান্দহ উপজেলার চর মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর মাহমুদপুর গ্রামের মৃত সোহরাব আকন্দের স্ত্রী হালিমা খাতুন (৬৫) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার দিনগত রাত ১টার দিকে মারা যান। পরের দিন শনিবার সকাল ৮টায় জানাজা শেষে হালিমা খাতুনের মরদেহ দাফন করা হয়। কিন্তু তার জিনের আছড়ে আক্রান্ত মেয়ে সুলতানা (৪০) দাফনের পর থেকেই তার মা জীবিত আছেন বলে জিন তাকে জানিয়েছে দাবি করে চিল্লাচিল্লি করতে থাকেন। একপর্যায়ে হালিমা খাতুনের স্বজনরা রাত ৯টার দিকে কবর থেকে মরদেহ উত্তোলন করে রাতেই মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখান থেকে প্রথমে মেলান্দহ ও পরে জামালপুরের একাধিক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেসব হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এরপর পুনরায় হালিমা খাতুনের মরদেহ দাফনের জন্য রাতেই তার স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে যান। বিষয়টি নিয়ে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আসমাউল আসিফ, জামালপুর