রাজধানীতে আজ চালু হচ্ছে ‘পিংক বাস’, থাকবে নারী চালক ও কন্ডাক্টর
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সেবা চালু করা হচ্ছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিআরটিসির তেজগাঁওস্থ ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ‘পিংক বাস’ নামে পরিচিত এই সার্ভিসের বিশেষ দিক হলো- বাস পরিচালনায় চালক ও কন্ডাক্টর উভয় ভূমিকাতেই থাকবেন নারীরা।
সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহণ, সেতু, নৌপরিবহণ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক অংশ নেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
প্রতিদিন রাজধানীতে কর্মজীবী নারী, শিক্ষার্থী ও সাধারণ নারী যাত্রীদের ভিড় ঠেলে যাতায়াত করতে গিয়ে গণপরিবহণে নানা ধরনের হয়রানি ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হয়। বিআরটিসির এই বিশেষ সেবা চালু হলে নারী যাত্রীরা স্বস্তিদায়ক পরিবেশে যাতায়াতের সুযোগ পাবেন। পাশাপাশি পরিবহণ খাতে নারীচালক ও কন্ডাক্টর নিয়োগের মাধ্যমে নারীদের কর্মসংস্থানের নতুন দৃষ্টান্ত তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজধানীর কোন কোন রুটে এবং কী ধরনের সময়সূচিতে এই ‘পিংক বাস’ চলাচল করবে, তা উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিস্তারিত জানানো হবে। নিয়মিত ও মানসম্মত সেবা নিশ্চিত করা গেলে বিআরটিসির এই পদক্ষেপ নগরীর নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প গণপরিবহণ মাধ্যম হয়ে উঠবে।

এনটিভি অনলাইন ডেস্ক