প্রেমিকার মৃত্যুর খবর শুনে না ফেরার দেশে তানভীর
ফরিদপুরের চরভদ্রাসনে প্রেমিকার মৃত্যুর খবর সহ্য করতে না পেরে তানভীর হোসেন (১৯) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুর শহরের কমলাপুর চানমারী এলাকায় বোনের বাড়িতে তিনি এই ঘটনা ঘটান। নিহত তানভীর উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রেমিকা মারা যাওয়ার খবর পেয়ে তানভীর ফরিদপুর শহরের কমলাপুরে তার বোন তানজিলা আক্তারের বাসায় আসেন। সেখানে শোকে আকুল হয়ে বোন তানজিলার বাসার বাইরে গিয়ে তিনি বিষপান করেন। কিছুক্ষণ পর বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের বড় ভাই মো. সাইফুর রহমান মা ছালেহা বেগমকে সঙ্গে নিয়ে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সঞ্জিব দাস, ফরিদপুর