অবৈধ ইটভাটায় প্রশাসনের বুলডোজার
জামালপুরের মেলান্দহে পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত ‘শেখ ব্রিকস’ নামের একটি ইটভাটার নিষিদ্ধ ফিক্সড চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ পৌরসভার ফুলছেন্না এলাকায় যৌথ অভিযান চালিয়ে ইটভাটাটির ওই অবৈধ চিমনি উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. ইমন হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি উপস্থিত ছিলেন। উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় মেলান্দহ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযান সূত্র জানা গেছে, বিদ্যমান ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী শেখ ব্রিকস নামের প্রতিষ্ঠানটি কোনো প্রকার বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত হয়ে আসছিল। পরিবেশের জন্য ক্ষতিকর ফিক্সড চিমনি ব্যবহারের পাশাপাশি সরকারি নির্দেশনা অমান্য করায় ভাটাটিতে অভিযান চালানো হয়। তবে উচ্ছেদকালে ভাটার উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল এবং মালিক কিংবা তার দায়িত্বপ্রাপ্ত কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় কোনো আর্থিক জরিমানা ধার্য করা সম্ভব হয়নি। পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে এক্সকাভেটর দিয়ে ইটভাটাটির স্থায়ী চিমনিটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী উক্ত ইটভাটাটি সম্পূর্ণ বেআইনি ছিল। ২০১০ সাল থেকেই ফিক্সড চিমনি ব্যবহারের ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। তিনি আরও বলেন, দেশব্যাপী অবৈধ ও পরিবেশদূষণকারী ফিক্সড এবং ড্রাম চিমনির ভাটা উচ্ছেদে সরকারের যে মহাপরিকল্পনা রয়েছে, তারই অংশ হিসেবে আজ এ ব্যবস্থা নেওয়া হলো। পরিবেশ সুরক্ষায় অননুমোদিত ইটভাটার বিরুদ্ধে এই ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)