বিদেশে পাঠানো যাবে ভিসা বন্ডের অর্থ
ভিসা বন্ড বা সিকিউরিটি ডিপোজিট দেওয়ার প্রক্রিয়া সহজ করল বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত শর্ত পূরণ করে এখন থেকে ব্যাংকের মাধ্যমেই বিদেশে ভিসা বন্ডের অর্থ পাঠানো যাবে। আজ সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ বিষয়ে এক সার্কুলার জারি করে।
সার্কুলার বলা হয়, বিদেশি ভিসা পাওয়ার শর্ত হিসেবে কোনো আবেদনকারীকে ভিসা বন্ড বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হলে ব্যাংক তার পক্ষে ওই অর্থ বিদেশে পাঠাতে পারবে।
আরও বলা হয়, ব্যাংকগুলো আবেদনকারীদের নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে, যেখানে প্রয়োজনীয় অর্থ প্রিলোড করা থাকবে। যেসব গ্রাহকের আগে থেকেই আন্তর্জাতিক কার্ড রয়েছে, সেসব কার্ডে ভ্রমণ কোটার আওতায় পুনরায় অর্থ লোড করা যাবে। এই অর্থ শুধু ভিসা বন্ড বা সংশ্লিষ্ট সিকিউরিটি ডিপোজিট পরিশোধের কাজে ব্যবহার করা যাবে। এক্সপোর্টার্স রিটেনশন কোটা হিসাব, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবসহ এসব হিসাবের বিপরীতে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক